বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমার ইঙ্গিত দিয়ে চলতি ডিসেম্বরের প্রথম ছয় দিনেই দেশে এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স। এর ফলে দৈনিক গড় প্রবাসী আয়ের প্রবাহ ১০ কোটি ৫৪ লাখ ডলার ছাড়িয়েছে। এই গতি অব্যাহত থাকলে ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড গড়তে পারে বলে আশা করছেন অর্থনীতিবিদরা।
রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায়, মোট ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলারের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমেই এসেছে সিংহভাগ রেমিট্যান্স। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার।
অন্যদিকে, এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ১৭ লাখ ডলার। বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল খুবই সামান্য, প্রায় ১৭ লাখ ৯০ হাজার ডলার।
এর আগে গত নভেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। তার আগের মাসগুলোতেও প্রবাসী আয়ের প্রবাহ ছিল বেশ শক্তিশালী। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
বিশেষজ্ঞরা বলছেন, বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বাড়ায় এবং হুন্ডি বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপের ফলে প্রবাসী আয়ের গতি বেড়েছে। ডিসেম্বরের প্রথম ছয় দিনের এই শক্তিশালী প্রবাহ ডলার সংকটের সমীকরণে নতুন মোড় আনবে বলে মনে করছে প্রশাসন।



মন্তব্য করুন