ষড়যন্ত্র বা ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কঠোর প্রত্যয় ব্যক্ত করেন।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, হামলাকারীদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং এই ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। হাদির ওপর হামলাকে তিনি বাংলাদেশের অস্তিত্ব ও গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে অভিহিত করেন।
অধ্যাপক ইউনূস বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাস ও রক্তপাতের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে এই ধরনের জঘন্য অপকৌশল সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের বীরদের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সরকার তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। একইসাথে তিনি দেশবাসীকে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সংযম বজায় রাখার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা তার ভাষণে দৃঢ়তার সাথে বলেন, এ দেশের পবিত্র মাটিতে পরাজিত শক্তির আর কোনো স্থান হবে না। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের সম্মিলিতভাবে মোকাবিলা করে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।



মন্তব্য করুন