দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি নিজেই এই তারিখ ঘোষণা করেন।
নেতাকর্মীদের আবেগাপ্লুত করে তারেক রহমান বলেন, দীর্ঘ সময় আপনাদের সঙ্গে প্রবাসে ছিলাম, এবার ইনশাআল্লাহ ২৫ তারিখে দেশে ফিরে যাচ্ছি। বিজয় দিবসের এই শুভক্ষণে দাঁড়িয়ে তিনি দেশবাসীকে দেশি-বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তার মতে, ঐতিহাসিক বিভিন্ন সন্ধিক্ষণে যারা ষড়যন্ত্র করেছে, তারা এখনো সক্রিয় রয়েছে।
সংবাদ সম্মেলনে তারেক রহমান আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি দায়িত্বশীল দল হিসেবে বিএনপির কাজ কেবল স্বপ্ন দেখানো নয়, বরং সেই স্বপ্নের বাস্তবায়ন করা। আগামী দুমাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি দেশের মানুষের সামনে একটি টেকসই ও সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান স্পষ্ট করেন যে, তিনি কোনো কাল্পনিক স্বপ্নে নয় বরং সুনির্দিষ্ট পরিকল্পনায় বিশ্বাসী। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপি অতীতেও দেশকে সংকট থেকে উদ্ধার করেছে এবং আগামী নির্বাচনে জনসমর্থন নিয়ে পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
উল্লেখ্য, ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর কারাবন্দি হন তারেক রহমান। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে তিনি সপরিবারে সেখানেই অবস্থান করছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে ইতিমধেই উৎসবের আমেজ ও ব্যাপক রাজনৈতিক প্রস্তুতির সৃষ্টি হয়েছে।



মন্তব্য করুন