বিগত সরকারের আমলে প্রণীত রাজাকারের তালিকা নিয়ে নতুন এক দাবি সামনে এনেছেন জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন। তার ভাষ্যমতে ওই তালিকায় জামায়াতে ইসলামীর অবস্থান ছিল চতুর্থ যেখানে মাত্র ৩৬ জনের নাম ছিল। অথচ তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছিল খোদ আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন রাজাকারের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে বিএনপি এবং জাতীয় পার্টি।
দেলাওয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতকে বারবার রাজাকারের দল বলে গালি দেওয়া হয়। অথচ সরকারি নথি বলছে অন্য কথা। তাই এই তিনটি বড় দলকে বাদ দিয়ে এককভাবে কাউকে রাজাকার বলার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এই জামায়াত নেতা বলেন স্বাধীনতার ৫৪ বছর পার হলেও বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। এই দীর্ঘ সময়ে উন্নয়নের পথে প্রধান বাধা হিসেবে তিনি দুর্নীতিকে চিহ্নিত করেন। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনই এখন সময়ের বড় দাবি।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এই সভায় স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।



মন্তব্য করুন