সদ্য প্রয়াত জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টারের কবর জিয়ারত এবং নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

শনিবার ৫ ডিসেম্বর সকাল ১০ টায় দুই দিনের সরকারী সফরে শরীয়তপুরে এসে প্রথমে তিনি আবুল ফজল মাস্টারের কবর জিয়ার করেন। এরপর বেলা ১২ টায় গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় ও বিকাল ৩ টায় গোসাইরহাট উপজেলা পার্টি অফিসে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন নাহিম রাজ্জাক। সন্ধ্যায় গোসাইরহাট পৌরসভার কাউন্সিলরদের সাথে মতবিনিময় ও সন্ধ্যা ৭ টায় ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

আজ (রোববার) সকাল ৯ টায় সিড্যা ইউনিয়নে মরহুম নুরুল হক হাওলাদারের কবর জিয়ারতের পর সকাল ১০ টায় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করবেন সাংসদ নাহিম রাজ্জাক। বেলা সাড়ে ১১ টায় ডামুড্যার নিজ বাসভবনে বিভিন্ন সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি। বিকাল ৪ টায় ভেদরগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান ও সন্ধ্যা ৬ টায় নড়িয়া উপজেলায় সদ্য প্রয়াত সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলীর কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক।