“বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে বীমা দিবস পালিত হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক পরিদর্শণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ, জেলা পরিষদ সদস্য এডভোকেট রওশন আরা বেগম প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে দিবসটি সম্পর্কে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পরে দেশীয় বীমা শিল্পের সূত্রপাত হয় এবং ‘বাংলাদেশ ইন্সুরেন্স (ন্যাশনালাইজেশন) অর্ডার, ১৯৭২’ এবং ‘দ্য ইন্সুরেন্স কর্পোরেশন অ্যাক্ট, ১৯৭৩’ এর মতো বীমা সংশ্লিষ্ট মৌলিক আইন প্রণীত। বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। প্রস্তাব ছিলো বীমা দিবস ২ বা ৩ মার্চ করার। কিন্তু ঐতিহাসিক দিনের সংযোগ আছে বিধায় ১ মার্চ-ই দিবসটি পালন করা হয়। বীমা দেশের একটি সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ আর্থিক খাত। বীমার ব্যাপ্তি বৃদ্ধি ও জনমনে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরির উদ্দেশ্যে সরকার বিভিন্ন আয়োজন করে থাকে। এ কার্যক্রমকে আরও বেগবান করতে জাতীয় বীমা নীতিতে বীমা দিবস চালুর কথা বলা হয়।



মন্তব্য করুন