শরীয়তপুর সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে যার নাম সর্বজনস্বীকৃত তিনি হলেন ডা. মিজানুর রহমান। দায়িত্ব পালনে তিনি অত্যন্ত মনোযোগী। সরকারি দায়িত্ব পালন শেষে শরীয়তপুরে নিজের চেম্বারে শরীয়তপুর জেলার মানুষদের চিকিৎসা দিয়ে থাকেন ডা. মিজানুর রহমান। অসহায় গরীব মানুষদের চিকিৎসা করতে খুবই অল্প পরিমাণ টাকা ভিজিট নিয়ে থাকেন তিনি। তাই সবাই তাকে ‘একমাত্র শিশু বিশেষজ্ঞ’ হিসেবেই জানেন। শরীয়তপুরের মানুষের মন জয় করেছেন অনেক আগেই। আর চিকিৎসক হিসেবেও অসংখ্য মানুষের হৃদয়ে রয়ে গেছেন প্রিয় মানুষ হিসেবে। সম্প্রতি প্রিয় এই ডাক্তার শিশু ডাক্তার হিসেবে আলোচনায় সবার মুখে মুখে। আমাদের দেশে এখনো ভালো এবং মানবিকতা সম্পন্ন ডাক্তার যারা আছেন তাদের মধ্যে ডা. মিজানুর রহমান একজন। গরীব শিশুদের চিকিৎসা করার জন্য প্রাইভেটভাবে অল্প ভিজিট নিয়ে থাকেন তিনি। যেহেতু তার জন্মভূমি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মহেশ্বরপট্টি গ্রামে, তাই শরীয়তপুর জেলার মানুষের চিকিৎসা সেবা ভালোভাবে দিতে তিনি বদ্ধপরিকর। ডা. মিজানুর রহমান ২৫ তম বিসিএস শেষে চিকিৎসা সেবা শুরু করেন। ২০০৬ সালে শরীয়তপুর যোগদান করে তিন বছর শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ছিলেন। পরে পূনরায় ২০১৬ সাল থেকে অদ্যবধি পর্যন্ত শিশু কনসালটেন্ট হিসেবে সেবা দিয়ে আসছেন। গত ৩ মার্চ একটি বিশেষ সরকারি অর্ডারে শিশু ডা. মিজানুর রহমানের প্রমোশন হয়ে গোপালগঞ্জ হাসপাতালে বদলী হয়। ৯ মার্চ (আজ) তিনি শরীয়তপুর সদর হাসপাতাল থেকে বিদায় নিয়ে গোপালগঞ্জ হাসপাতালে যোগদান করবেন।
এ বিষয়ে ডা. মিজানুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সরকারি অর্ডারে প্রমোশন হয়েছে এখন সেখানে যেতেই হবে। শরীয়তপুর আমার জন্মভূমি। এখানকার মানুষের যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করেছি। কোন কিছুতেই ত্রুটি করিনি। তবে নিজ জন্মভূমিতে সেবা করার মজা আলাদা।
চিকিৎসা সেবা নেয়া শিশুদের একজন অবিভাবক বলেন, ডা. মিজানুর রহমান একজন ভালো ডাক্তার। আমরা কারো কাছ থেকে শিশু ডাক্তারের কথা জিজ্ঞাসা করলে সব সময় ডা. মিজানুর রহমানের নামই বেশি শুনতে পাই। শিশু ডাক্তার হিসেবে ডা. মিজানুর রহমান আসলেই একজন পরিশ্রমী ভালো ডাক্তার বলে জানান ঐ অভিভাবক।
শরীয়তপুর সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে ডা. মিজানুর রহমান ভালো সার্ভিস দিয়ে আসছিলেন। তিনি সুনামের সাথে শিশুদের চিকিৎসা করে আসছিলেন। যেহেতু উপরের অর্ডারে প্রমোশন নিয়ে তিনি বদলী হয়েছেন, সেখানেও এ সুনাম তিনি অক্ষুন্ন রাখবেন।