শরীয়তপুর সদর হাসপাতালের আয়া (চতুর্থ শ্রেণীর কর্মচারী) হোসনে আরা বেগম এমবিবিএস ডাক্তার পরিচয়ে ডেলিভারী করাতে গিয়ে এক নবজাতককে মেরে ফেলেছেন বলে অভিযোগ ওঠেছে। এই ঘটনায় পালং মডেল থানায় দুই জনকে আসামী করে একটি মামলা হয়েছে। আসামীরা হলেন শরীয়তপুর সদর উপজেলার ছোট বিনোদপুর (পশ্চিমপাড়) গ্রামের মোতালেব সরদারের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও এনায়েত হোসেন সরদারের স্ত্রী ও শরীয়তপুর সদর হাসপাতালের আয়া হোসনে আরা বেগম। পুলিশ আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছোট বিনোদপুর (পশ্চিম পাড়) গ্রামের কালাচান ঢালীর মেয়ে সারমিন আক্তার (২১) ৭ এপ্রিল প্রসব বেদনা অনুভব করে। তখন স্থানীয় দাই প্রধান আসামী সুফিয়া বেগমকে নিয়োগ করা হয়। সুফিয়া বেগম সারমিনের পরিবারকে ভীত করে এবং বলে এর নরমাল ডেলিভারী সম্ভব না। আমার একজন পরিচিত এমবিবিএস ডাক্তার আছে তার সহযোগিতা নিলে সহজে ডেলিভারী করানো সম্ভব। তখন সারমিনের পরিবারের সাথে ১০ হাজার টাকা চুক্তিতে প্রধান আসামী সুফিয়া বেগম এসবিবিএস ডাক্তার পরিচয়দানকারী সহযোগী আসামী হোসনে আরাকে মোবাইল ফোনে কল করে নিয়ে আসে। আসামীদ্বয় সারমিনকে ঘরে একা রেখে অন্যান্যদের বের করে দেয়। আসামীদ্বয় ঘটনার দিন সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত চেষ্টা চালিয়ে সারমিনের যৌনাঙ্গের বিভিন্ন অংশে কেটে একটি কন্যা সন্তান বের করে নিয়ে আসে। এর কিছুক্ষণের মধ্যেই নবজাতকের মৃত্যু হয়। পরিবারের লোকজন সারমিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সারমিনের মা মাকসুদা বেগম সারমিনের কাছে গিয়ে যৌনাঙ্গের চার পাশে কেটে ফেলেছে দেখেন। তখন ডাক্তার পরিচয়দানকারী হোসনে আরা তার সাথে থাকা সুই সুতা দিয়ে যৌনাঙ্গ সেলাই করে চলে যায়। সারমিনের অবস্থা খারাপ হতে থাকলে ৮ এপ্রিল সকালে হযরত শাহজালাল হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করে। পরে সারমিনের পরিবার জানতে পারে এমবিবিএস ডাক্তার পরিচয়দানকারী ব্যক্তি হোসনে আরা বেগম শরীয়তপুর সদর হাসপাতালের একজন আয়া মাত্র। এই বিষয়ে মাকসুদা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেছেন।
বাদী মাকসুদা বেগম বলেন, আসামী সুফিয়া বেগম প্রতারণা করে আয়াকে ডাক্তার সাজিয়ে আমার মেয়ের কাছে নিয়ে আসে। আমার সাথে ১০ হাজার টাকার চুক্তিও করে। আমি তাদের সকল কথা মেনে নেই। আড়াই ঘন্টা আমার মেয়ে সারমিনের উপর নির্যাতন করেছে তারা। আমার মেয়ের যৌনাঙ্গ কেটে চৌচির করে ফেলেছে ওই প্রতারকরা। আমার মেয়ের জীবিত সন্তান ভুমিষ্ট হয় এবং আমি ওই সন্তানের কান্না শুনেছি। পরে সেই সন্তান মারা গেছে। আমি ওই ভন্ড প্রতারকদের সুষ্ঠু বিচার দাবী করছি। যাতে আর কোন মায়ের সাথে এমন ঘটনা না ঘটে।
শরীয়তপুর সদর হাসপাতাল এলাকায় গিয়ে জানা গেছে, আয়া হোসনে আরা বেগম জেলা শহরের বিভিন্ন বে-সরকারি ক্লিনিকের মালিকানা বনেছে। সে প্রভাব খাটিয়ে টিকিট কাউন্টারের বসে। সেখান থেকে তার বোন, আত্মীয় ও দালালের মাধ্যমে রোগী তার ক্লিনিকে পাঠিয়ে দেয়। সে একজন আয়া থেকে আজ এমবিবিএস ডাক্তার পরিচয় দিতেও কুন্ঠাবোধ করে না। হাসপাতালের নিয়ন্ত্রণহীন পরিচালনা পদ্ধতি ও স্বজনপ্রিতির কারনেই অনেক অযোগ্য এবং অদক্ষ লোক গুরুত্বপূর্ণ জাগায় বসে হাসপাতালের সুনাম নষ্ট করছে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন বলেন, সদর হাসপাতালের আয়া হোসনে আরা বেগম এমবিবিএস ডাক্তার পরিচয়ে এক নবজাতককে মেরে ফেলেছে এমন অভিযোগে এনে মাকসুদা বেগম নামে এক মহিলা মামলা করেছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।