দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, এমপি বলেছেন, অল্প সময়ের মধ্যে নড়িয়ায় নদী ভাঙনে প্রায় ৬ হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে। নড়িয়া মূলফৎগঞ্জ, কেদারপুর, নড়িয়া পৌরসভা এলাকার মানুষের বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। যা পূরণ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেছেন নদীরগর্ভে বিলিন হওয়া একটি পরিবারও যেন খাবারের কষ্ট না পায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিলে খাদ্যের কোন অভাব নেই। যা চাইবেন তার চেয়ে বেশি পাবেন। তবে চাইতে হবে। যা চাইবেন প্রধানমন্ত্রী তার চেয়েও দ্বিগুন দেবেন। ত্রাণ বিতরণে যেন কোন ত্রুটি না হয়, সুষ্ঠু বন্ঠনের দাবী জানান তিনি।
তিনি বলেন, ভাঙন কবলিত মানুষের জন্য আগামী চার মাস প্রতি মাসে ৩০ কেজি চাল খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া নগদ দুই কোটি টাকা, ৫ হাজার ভান্ডিল টিন, ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেন মন্ত্রী।
মঙ্গলবার দুপুরে নড়িয়া উপজেলার কেদারপুর, মূলফৎগঞ্জ ও বাঁশতলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩ টার দিকে নড়িয়া উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে পদ্মা নদীর ভাঙনে ৫ হাজার ৮১ ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি বিস্কুট, ১ লিটার সোয়াবিন তেল, ৫০০ গ্রাম মুড়ি, ১২টি দিয়াশালাইর প্যাকেট ও ১২টি মোম বিতরণ করেন মন্ত্রী।
এ সময় শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) শওকত আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাভোকেট নাভানা আক্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়য়ের সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সহধর্মিনী রিনা চৌধুরী, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাকাব্বীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আল মামুন সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ্ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান মাহমুদ (সীমন), নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা পিআইও মো. নজরুল ইসলাম, জাজিরা উপজেলা পিআইও স্বপন মাতব্বর, ভেদরগঞ্জ উপজেলা পিআইও মো. গিয়াস উদ্দিন, ডামুড্যা উপজেলা পিআইও নিউটন বাইন উপস্থিত ছিলেন।